হলের রুমে অ্যাটাচ টয়লেট নির্মাণের অভিযোগ শেকৃবি ছাত্রদল সভাপতির বিরুদ্ধে

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কবি কাজী নজরুল ইসলাম হলে নিয়ম ভেঙে উত্তর পার্শ্বের ২০১নাম্বার কক্ষে ব্যক্তিগত ‘অ্যাটাচড টয়লেট’ বানানোর অভিযোগ উঠেছে। শাখা ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপসের বিরুদ্ধে হলের মূল নকশা বদলে এই বাথরুম বানানোর অভিযোগ উঠলেও বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে তা সম্পূর্ণ অস্বীকার করেন তিনি।

হলে অবস্থানরত শিক্ষার্থীরা জানান, হলের নির্দিষ্ট ঐ কক্ষে রাজমিস্ত্রি ডেকে ওয়াশরুম বানানোর কাজ চলছে। নিয়ম অনুযায়ী কোনো একক রুমে আলাদা বাথরুম বানানোর সুযোগ নেই। এছাড়া কাজ করার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃশ্যমান।

এ বিষয়ে হল প্রভোস্ট ড. মোহাম্মদ মাহবুব ইসলাম জানান, বাথরুম বানানোর জন্য একটি আবেদনের কপি তার কাছে এসেছিল এবং তিনি তা প্রশাসনিক ভবনে পাঠিয়েছিলেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কাজের কোনো অনুমোদন দেয়নি।

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল সভাপতি আহমেদুল কবির তাপস বলেন, গত ৫ আগস্টের পর থেকে আমি একদিনের জন্যও হলে যাইনি। ওই রুমে কে বা কারা বাথরুম বানাচ্ছে তা আমার জানা নেই।

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. আব্দুল লতিফ দেশ রূপান্তরকে বলেন, হল প্রভোস্ট আমাকে মৌখিক ভাবে বিষয়টি জানিয়েছিল, আমি বলে দিয়েছি ব্যক্তিগত ভাবে হলের রুমে কোন ধরনের পরিবর্ধন-পরিমার্জন করার সুযোগ নাই। যদি করতেই হয় তাহলে কমিটির মাধ্যমে দেখে তারপর।

এটাচ টয়লেট নির্মাণে কাজ করছেন দুই শ্রমিক। ছবি: ভিডিও থেকে নেয়া