কলম্বিয়ায় খনি ধসে নিহত ১৩

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নারিনিও প্রদেশের পলিকার্পায় একটি খনিতে ভূমিধসে ১৩ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কর্মকর্তারা জানান, স্থানীয় সময় বুধবার (১৯ আগস্ট) খনিটির খোলা অংশের একটি ঢাল ধসে পড়লে শ্রমিকরা মাটিচাপা পড়েন। প্রাথমিকভাবে ঘটনাটি বিস্ফোরণজনিত বলে ধারণা করা হলেও পরে নিশ্চিত হওয়া গেছে, ভূমিধসের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।  

নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে দমকলকর্মী, স্থানীয় বাসিন্দা ও খননযন্ত্র নিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। পরে রাত ২টার দিকে অভিযান শেষ হয়। এ সময় নিখোঁজ সবাইকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।