শরীয়তপুরে পাগলা কুকুরের কামড়ে ১২ জন হাসপাতালে

শরীয়তপুরের ডামুড্যা পৌরসভা এলাকায় একটি ‘পাগলা’ কুকুরের কামড়ে ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগষ্ট) পৌরসভার দক্ষিণ ডামুড্যা, বিশাকুড়ি ও নয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে ভ্যাকসিন ও চিকিৎসা দেওয়া হয়।
 
আহত ব্যক্তিরা হলেন ডামুড্যা পৌরসভার দক্ষিণ ডামুড্যা গ্রামের লাল মিয়া মাদবরের মেয়ে মাজেদা বেগম (৫৮), আব্দুল খালেক সরদারের ছেলে কালাম হোসেন সরদার (৩৪), আবুল কাশেমের ছেলে জয়নাল হোসেন (৫৩), স্বপন হোসেনের ছেলে রাহাত হোসেন (১৪), আলম সরদারের ছেলে জীবন সরদার (৫), শাহ জালালের ছেলে আফরান (২), হাচান সরদারের ছেলে আফজাল হোসেন সরদার (৩১), রসুন বেপারীর মেয়ে ফাতেমা বেগম (৬০), ইমান হোসেনের মেয়ে সাজেদা বেগম (৬০), বিশাকুড়ি গ্রামের হাজী রহমত আলীর মেয়ে সুফিয়া বেগম (৭৫), শাহ জালালের মেয়ে জারা মনি (১২) ও নয়াকান্দি গ্রামের সবর আলীর ছেলে আবুল কালাম (৭৫)। বাড়ি থেকে বের হয়ে কাজে যাওয়ার সময় কিংবা বিভিন্ন গন্তব্যে যাওয়ার সময় তারা কুকুরের কামড়ে আহত হন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ ডামুড্যা, বিশাকুড়ি ও নয়াকান্দি শিশু ও বৃদ্ধসহ ১২জন ব্যক্তিকে কুকুরে কামড়ানোর ঘটনা ঘটেছে। এতে পাগলা কুকুরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এছাড়া আজ শিশুসহ ১৩ ব্যক্তিকে বিড়ালে কামড়ালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন দিতে আসেন।
 
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শাহ আলম সিদ্দিক বলেন, হাসপাতালে পর্যাপ্ত জলাতঙ্ক প্রতিষেধক (ভ্যাকসিন) মজুত রয়েছে। কুকুরের কামড়ে আহত অন্তত ১২ জনকে আমাদের হাসপাতালে প্রয়োজনীয় ভ্যাকসিন ও চিকিৎসা দেওয়া হয়েছে। 
 
ডামুড্যা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আইয়ূবী বলেন, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের যৌথ উদ্যোগে পর্যাপ্ত পরিমান ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। ভ্যাকসিন রেডি আছে, কুকুরগুলোকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। আর বেওয়ারিশ কুকুরগুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।