সাফে প্রথমবার ব্যবহৃত হবে ভিএআর

সাফ চ্যাম্পিয়নশিপকে এবার আরও আধুনিক ও আকর্ষণীয় রূপ দিতে যাচ্ছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। আগামী নভেম্বরে ঢাকায় বসতে যাওয়া আসরে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। শুধু প্রযুক্তিগত পরিবর্তনই নয়, নতুন ট্রফি উন্মোচনের পাশাপাশি ভবিষ্যতে সাফ চ্যাম্পিয়নশিপকে ‘ফিফা সাফ কাপ’ হিসেবে আয়োজনের পরিকল্পনাও করছে সংস্থাটি। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট সামনে রেখে আজ সাংবাদিকদের সাফের নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন সংস্থাটির সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল।

সাফের ইতিহাসে এবারই প্রথম ব্যবহার হতে যাচ্ছে ভিএআর। টুর্নামেন্টের সব ম্যাচে প্রযুক্তিটি ব্যবহার নিশ্চিত করতে ইতোমধ্যে মাঠ পর্যায়ের কারিগরি মূল্যায়ন শুরু হয়েছে। ভিএআরের মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আরও নির্ভুল করার পাশাপাশি টুর্নামেন্টের মানও বাড়বে বলে মনে করছে সাফ। গত জুলাইয়ে আসরের নতুন লোগো উন্মোচন করা হয়েছে। এবার নতুন ট্রফির পাশাপাশি মাঠ ও মাঠের বাইরে থাকছে নানা আয়োজন। গ্যালারিতে দর্শকদের উপস্থিতি বাড়াতে ম্যাচের সঙ্গে উৎসবমুখর বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমও রাখা হচ্ছে।

তবে সাফের পরিকল্পনা শুধু এবারের আসরেই সীমাবদ্ধ নয়। দক্ষিণ এশিয়ার ফুটবলকে আরও বড় পরিসরে তুলে ধরতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গেও আলোচনা করছে সাফ। ভবিষ্যতে টুর্নামেন্টের নামের সঙ্গে ফিফাকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে পুরুষোত্তম কাট্টেল বলেন, ‘সরাসরি ফিফার অধীনে নয়। তারা যেভাবে ফিফা এশিয়ান কাপ করছে, আমরাও ফিফার সঙ্গে আলোচনা বা যোগাযোগ চালিয়ে যাচ্ছি। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে রূপ নেয়নি। একটা পরিকল্পনা রয়েছে। হয়তো আগামী আসর বা আগামী চ্যাম্পিয়নশিপে আপনারা সেটি দেখতে পারেন।’

এদিকে আগামী সপ্তাহের মধ্যে সাফ চ্যাম্পিয়নশিপের পূর্ণাঙ্গ ম্যাচ সূচি প্রকাশ করার কথা জানিয়েছে সাফ। এখনো টিকিটের মূল্য ও চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি চূড়ান্ত হয়নি। টুর্নামেন্ট আয়োজনের লজিস্টিক, জরুরি চিকিৎসা সেবা ও নিরাপত্তার দায়িত্বে থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
অন্যদিকে সাফে নেপালের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপালের খেলায় অংশ নেওয়া এখনো নিশ্চিত নয়। সাফ তাদের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এর মধ্যে নিষেধাজ্ঞা উঠে গেলে এ- গ্রুপে খেলবে নেপাল। নিষেধাজ্ঞা বহাল থাকলে তাদের পরিবর্তে কোনো বিকল্প দল নেওয়া হবে না বলে জানিয়েছে সাফ।