গাজীপুরে পৃথক দুর্ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার

গাজীপুরে পৃথক দুর্ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক, শ্রীপুরে ড্রাম্প ট্রাক চাপায় এক নারী, একই উপজেলায় বিদ্যুৎপৃষ্টে এক দিনমজুরের মৃত্যু ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়েকর রাজেন্দ্রপুর এলাকায় মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওমর ফারুক জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা-জয়দেবপুর-যমুনা সেতু রেল লাইনের কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকায় ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়ে শাকিল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহত শাকিল (৩১) টাঙ্গাইল জেলার মধুপুর থানার টেকিপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। 

অপরদিকে, গাজীপুরের শ্রীপুরে ঔষুধ কিনতে ব্যাটারী চালিত অটোরিকশা যোগে বাজারে যাওয়ার পথে বেপরোয়া গতির ডাম্প ট্রাক চাপায় তারাবানু নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। ট্রাক চাপায় অটোরিকশা দুমড়েমুচড়ে যায়, এসময় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। নিহত তারা বানু (৭৫) উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের মৃত আব্দুর হাই এর স্ত্রী। 

নিহতের ছেলে মো. মাইনুদ্দিন বলেন, দুপুরের দিকে অটোরিকশা যোগে পাশের বরমী বাজারে ঔষুধ কিনতে যায় মা। বাজারে পৌঁছানোর আগ মুহুর্তে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ডাম্প অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়েছে।

এদিকে, গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে পলাশ চন্দ্র (৪০) নামে এক দিন মজুরের মৃত্যু হয়েছে। নিহত পলাশ চন্দ্র দিনাজপুর জেলার কাহারুল খান্ডা গ্রামের সূর্যকান্তের ছেলে। তিনি উপজেলার লতিফপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে বসবাস করে দিন মজুরের কাজ করতেন। বুধবার রাতে দিনের কাজ শেষে গোসলে যান। গোসল থেকে ফিরে এসে পলাশ উঠানের কাপড় শুকনোর তারে ভেজা কাপড় ছড়াতে যান। এ সময় পূর্ব থেকে বিদ্যুতায়িত হওয়া ওই তারের স্পর্শে মারা যান। 

অপরদিকে বৃহস্পতিবার দুপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় বিমান বাহিনী ঘাঁটি এলাকা ইউটার্নে অজ্ঞাত গাড়ির চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় মোটর সাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।