টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় লেগুনা খাদে পড়ে মাসুদ নামে এক চালক নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ উপজেলার আইসড়াবাড়ী গ্রামের বাসিন্দা।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এএসআই এনামুল জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি রাজাবাড়ী এলাকায় পৌঁছালে একই সময়ে অরক্ষিত রেলক্রসিং দিয়ে লেগুনা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন চালক মাসুদ। এ সময় ট্রেনের ধাক্কায় লেগুনাটি রেললাইনের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়।
পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।