বায়ুদূষণে শীর্ষে কুয়েত, ঢাকার বায়ু কেমন?

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ২৮৬ স্কোর নিয়ে আজ শীর্ষে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। অন্যদিকে তালিকায় ১৭তম অবস্থানে রয়েছে ঢাকা। ঢাকার বাতাস আজ সহনীয়। যার বায়ুর মান সূচকে স্কোর ৯৬, যা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত।

শুক্রবার (২১ আগস্ট) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুদূষণে এদিন ১৯৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। ১৮০ স্কোর নিয়ে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে ১৬২ স্কোর নিয়ে অবস্থান করছে বাহরাইনের রাজধানী মানামা। ১৫৭ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও ভারতের রাজধানী নয়াদিল্লি।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। 

১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়। এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।