নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এবি পার্টির অভিনন্দন

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে দলটি আশা প্রকাশ করেছে, তিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে গণতন্ত্র, আইনের শাসন ও জাতীয় ঐক্য সুসংহত করতে ভূমিকা রাখবেন।

শুক্রবার (২১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ অভিনন্দন জানান।

বিজ্ঞপ্তিতে নেতারা বলেন, দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দেশের সাংবিধানিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।

তারা বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব নেওয়া জাতির নতুন যাত্রায় আস্থার ভিত্তি আরও সুদৃঢ় করবে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গণতান্ত্রিক চর্চা ও রাষ্ট্রীয় বিষয়ে প্রজ্ঞা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এবি পার্টির নেতারা রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বিরোধী দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের (বীর বিক্রম) প্রতিও কৃতজ্ঞতা জানান।

তারা বলেন, গণতান্ত্রিক রীতি অনুসরণ করে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া ও নির্বাচনী সৌজন্য বজায় রাখা দেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।

নেতারা বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল নাগরিকের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন এটাই জনগণের প্রত্যাশা। পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা রক্ষা, নাগরিক অধিকার সংরক্ষণ, রাজনৈতিক বহুত্ববাদের চর্চা এবং জাতীয় ঐক্য সুসংহত করার ক্ষেত্রে তিনি কার্যকর নেতৃত্ব দেবেন।

শেষে মজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন।