চট্টগ্রামের সন্দ্বীপে পুলিশের অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইমন ওরফে ইসমাইল (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) গাছুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকবর হাটের পূর্ব পাশে নোয়াবাড়ীর সামনে একটি উঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সন্দ্বীপ থানা পুলিশ।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত দায়িত্বে সীতাকুণ্ড সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাজী তারেক আজিজের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদারের সার্বিক সহযোগিতায় এসআই (নিঃ) মোহাম্মদ আলী সৈকত সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।
অভিযানে গাছুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরবানের গো নতুন বাড়ির বাসিন্দা ইমন ওরফে ইসমাইলকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি মৃত খায়ের মোস্তফার ছেলে।
সন্দ্বীপ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়।