ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম মাঠে গড়াচ্ছে আজ শুক্রবার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করছে মিকেল আর্তেতার দল আর্সেনাল। দীর্ঘ দুই দশকের খরা কাটিয়ে গত মৌসুমে লিগ জেতা গানার্সরা এবার ইতিহাস গড়ে ব্যাক-টু-ব্যাক শিরোপা জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামছে।
তবে নতুন মৌসুম শুরুর আগে ইএসপিএন-এর সাংবাদিক ও ব্লগার মার্তিন মাররার বিশেষ ‘মাররা ইনডেক্স’ অনুযায়ী দলগুলোর প্রথম পাঁচ ম্যাচের সূচি বিশ্লেষণ করে দেখা গেছে, একেক দলের জন্য শুরুটা একেক রকম চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।
এই ইনডেক্স অনুযায়ী আন্তর্জাতিক বিরতির আগের প্রথম পাঁচ ম্যাচের প্রতিপক্ষের ওপর ভিত্তি করে পয়েন্ট হিসাব করা হয়েছে, যেখানে আর্সেনালের বিপক্ষে খেলার জন্য ৬ পয়েন্ট, অন্য ‘বিগ সিক্স’ দলের জন্য ৫ পয়েন্ট, অ্যাস্টন ভিলার জন্য ৪ পয়েন্ট, শীর্ষ দশের বাকি দলের জন্য ৩ পয়েন্ট, ১১ থেকে ১৭ নম্বর দলের জন্য ২ পয়েন্ট এবং সদ্য প্রিমিয়ার লিগে ওঠা দলের জন্য ১ পয়েন্ট ধরা হয়েছে। এর সাথে যেকোনো অ্যাওয়ে ম্যাচের জন্য অতিরিক্ত ৩ পয়েন্ট যোগ হয়েছে।
এই নিয়মে প্রথম ৫ ম্যাচের সূচিতে ৩৮ পয়েন্ট নিয়ে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে ফুলহামকে, কারণ তাদের মুখোমুখি হতে হচ্ছে চেলসি, আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো হেভিওয়েটদের। এই তালিকায় তাদের পরে রয়েছে হাল সিটি, ব্রাইটন, ইপসউইচ টাউন এবং কভেন্ট্রি সিটি বা সান্ডারল্যান্ডের মতো দলগুলো। অন্যদিকে, শীর্ষ দলগুলোর মধ্যে লিভারপুল ও লিডস ইউনাইটেডের শুরুর সূচি তুলনামূলক বেশ সহজ ও অনুকূল হতে যাচ্ছে।
নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচের আগে স্কোয়াড নিয়ে বেশ কিছু দুশ্চিন্তা ও সাফল্যের প্রত্যয় ব্যক্ত করেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাবের উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে আর্তেতা বলেন, ‘এটি নিশ্চিতভাবেই ক্লাব ও মালিকপক্ষের উচ্চাকাঙ্ক্ষা যে বিশ্বের সেরা ক্লাব হওয়া। এটি অর্জনের জন্য আপনার সেরা সুযোগ-সুবিধা, সেরা স্টেডিয়াম, সেরা সমর্থক, সেরা স্কোয়াড এবং বিশ্বের সেরা খেলোয়াড় প্রয়োজন।’ গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের স্মৃতি টেনে তিনি আরও যোগ করেন, ‘এটি অত্যন্ত কঠিন। আপনাকে প্রতিটি দিক থেকে মান বাড়াতে হবে। যখন আমি আমার খেলোয়াড়দের চোখের দিকে তাকাই, তখন আমি সেই আগুন, সেই আকাঙ্ক্ষা এবং প্রতিদিন আরও ভালো করার ইচ্ছা দেখতে পাই।’
তবে মাঠের লড়াইয়ের ঠিক আগে ইনজুরি ও দলবদলের ধাক্কাও সামলাতে হচ্ছে গানার্সদের। গত রবিবার কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয়ের ম্যাচে পায়ে বরফ লাগিয়ে মাঠ ছাড়া নতুন মিডফিল্ডার ব্রুনো গিমারেসকে নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ায়ন এই তারকা মিডফিল্ডারের ফিটনেস নিয়ে আর্তেতা সাংবাদিকদের জানান, ‘এটি ভালোভাবেই উন্নতি করছে, তবে দেখা যাক।’
এছাড়া ইনজুরি যেন গত মৌসুমের মতো এবার দলকে ভোগাতে না পারে, সে বিষয়ে তিনি যোগ করেন, ‘আমরা যত বেশি আধিপত্য বিস্তার করব, ব্যবধান তত বাড়বে, তত ভালো হবে... নির্দিষ্ট কিছু এলাকায় স্কোয়াডের প্রাপ্যতা আমাদের উন্নত করতে হবে।’
সব মিলিয়ে পেপ গার্দিওলার পর এনজো মারেস্কার অধীনে ম্যানচেস্টার সিটির রূপান্তর এবং ঐতিহ্যবাহী ক্লাবগুলোর এই নতুন পথচলায় প্রিমিয়ার লিগের এবারের আসর যে আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি রোমাঞ্চকর হবে, তা বলাই বাহুল্য।