এক অস্বাভাবিক ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিবৃতি জারির এক ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে রাষ্ট্রপতি ভবন জানায়, আগামী শনিবার (২২ আগস্ট) ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। বিবৃতিতে এর কারণ হিসেবে বাংলাদেশ প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার প্রস্তুতিতে পূর্ণাঙ্গ মহড়ার কথা উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়েছিল, 'বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।'
তবে তারেক রহমানের ভারত সফর এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি নয়াদিল্লি বা ঢাকা। ধারণা করা হচ্ছে, সফরের আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় রাষ্ট্রপতি ভবন ওই বিবৃতি প্রত্যাহার করে নেয়।
প্রায় এক ঘণ্টা পর, বিকেল ৩টার দিকে নতুন একটি সংক্ষিপ্ত বিবৃতি পাঠানো হয়। এতে বলা হয়, ২১ আগস্ট প্রকাশিত ‘নো চেঞ্জ অব গার্ড সিরেমনি দিস স্যাটারডে’ শীর্ষক প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো।
রাষ্ট্রীয় সফরে কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান ভারত সফরে গেলে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনার আয়োজন করা হয়। এটি ভারতের সামরিক ও কূটনৈতিক প্রটোকলের গুরুত্বপূর্ণ অংশ। রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে তিন বাহিনীর গার্ড অব অনার, দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সফরকারী নেতার আনুষ্ঠানিক পরিচয়পর্ব থাকে।
পরে ভারতের রাষ্ট্রপতি সফরকারী নেতার সম্মানে নৈশভোজেরও আয়োজন করেন।
রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী, এ ধরনের আনুষ্ঠানিক অভ্যর্থনার আগের দিন পূর্ণাঙ্গ মহড়া অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি ভবনের প্রথম বিবৃতিতে সেই মহড়ার কারণেই শনিবারের নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান বাতিলের কথা জানানো হয়েছিল।
তবে সফরটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়ায় বিবৃতিটি প্রত্যাহারের ঘটনা বাংলাদেশ প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফর নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে।