লালমনিরহাটে মাদক, জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার শিকার হওয়া শিক্ষক আরিফুল ইসলাম মারা গেছেন। গতকাল শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত আরিফুল ইসলাম লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর ও ৪১তম বিসিএসের নন-ক্যাডার কর্মকর্তা। শিক্ষক আরিফুলের মৃত্যুর ঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ৪টি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
মাদক, জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে প্রতিবাদের জেরে গত ১ আগস্ট কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে লালমনিরহাট সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। সেই থেকে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শিক্ষক আরিফুলের ওপর হামলার ঘটনায় সম্প্রতি হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় মোগলহাট টেম্পোস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেন স্থানীয়রা। তাদের অভিযোগ মাদক, জুয়া ও ক্যাসিনোর প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে আরিফুলের ওপর হামলা চালানো হয়।
এদিকে গতকাল রাতে শিক্ষক আরিফুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী হামলায় অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুরসহ আগুন দেয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রকৃত ঘটনার তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ বলেন, শিক্ষক আরিফুলের মৃত্যুর ঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ৪টি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।