নরসিংদীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশুসন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন এক বাবা। গতকাল শুক্রবার সন্ধ্যায় নরসিংদী শহরের আরশিনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেল সড়কে এ ঘটনা ঘটে। এ সময় দুজন গুরুতর আহত হলে তাদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। আহত আল আমিন নরসিংদী শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার হাসেম মিয়ার ছেলে। তিনি ইন্টেরিয়র ডিজাইনারের কাজ করতেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আল আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। স্বামীর এই মাদকের অভ্যাস সহ্য করতে না পেরে কিছু দিন আগে তাকে ছেড়ে যান স্ত্রী রুমি বেগম। যাওয়ার সময় তিনি সাড়ে চার বছর বয়সী শিশুসন্তান আরিয়ানকে বাবা আল আমিনের কাছে রেখে যান। এরপর থেকে আল আমিন স্ত্রীকে ফিরিয়ে আনতে বারবার অনুরোধও করেছিলেন। কিন্তু রুমি বেগম ফিরে আসতে অস্বীকৃতি জানান।
সম্প্রতি রুমি বেগম আবারও স্বামীর সংসারে ফিরে আসার একটি আশ্বাস দিয়েছিলেন। আল আমিন অধীর আগ্রহে স্ত্রীর ফেরার অপেক্ষা করছিলেন। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত স্ত্রী ফিরে না আসায় ক্ষোভ ও মানসিক যন্ত্রণায় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন আরশিনগর এলাকা অতিক্রম সময় শিশুসন্তান আরিয়ানকে নিয়ে লাইনে ঝাঁপ দেন। অলৌকিকভাবে বাবা ও সন্তান দুজনেই বেঁচে গেলেও তাদের অবস্থা অত্যন্ত গুরুতর।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. নাজিম উদ্দিন জানান, নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। বাবা ছেলে হাসপাতালে আছে।