ঢামেকে ফেলে যাওয়া মরদেহের পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ৩

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফেলে যাওয়া মরদেহের পরিচয় তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করেছে শাহবাগ থানা পুলিশ। মৃত কিশোরীর নাম মিম আক্তার (১৫)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন এ বি এম আব্দুর রাজ্জাক (৪৭), মো. ফয়সল আহমেদ (৩৫) ও রাহেমা খাতুন রেশমা (২৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট হাসপাতালের জরুরি বিভাগের সামনে ওই কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন পুলিশে খবর দেন। পরে শাহবাগ থানার পুলিশ মরদেহ উদ্ধার এবং মৃতের পরিচয় শনাক্তে কাজ শুরু করে। একই সঙ্গে ১৩ আগস্ট শাহবাগ থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়। তদন্তে নেমে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় চিহ্নিত সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করে পুলিশ। গত বৃহস্পতিবার ভোরে ডেমরা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, অপরাধ আড়াল করার উদ্দেশ্যে আসামিরা মিম আক্তারের মরদেহ ঢামেক হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যান। সেই সঙ্গে গ্রেপ্তার এড়াতে তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সানারপাড়ের বাসা ছেড়ে সপরিবারে আত্মগোপনে চলে যায়।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে এবং ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।