শিবির সভাপতি বললেন

নির্বাচনের পর খুনের রেশ একই, চাঁদাবাজি বেড়েছে কয়েকগুণ

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বিএনপি বলেছিল নির্বাচন হলে দেশের সব সমস্যা সমাধান হবে। কিন্তু নির্বাচনের পরও দেশের পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। বরং খুনের রেশ একই আছে, চাঁদাবাজি কয়েকগুণ বেড়েছে এবং বিভিন্ন দপ্তরে সিন্ডিকেট আরও শক্তিশালী হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে জামালপুর শহরের লুইস ভিলেজে ইসলামী ছাত্রশিবির আয়োজিত জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, প্রতিটি দপ্তরে অযোগ্য লোক বসানো হয়েছে। এই অযোগ্য লোক দিয়ে বিএনপি যোগ্যতার মূল্যায়ন করছে না। বিএনপি যখন সিন্ডিকেট বন্ধ করতে পারে না, দুর্নীতি বন্ধ করতে পারে না, ঘুষ বন্ধ করতে পারে না, তখন স্বাভাবিকভাবেই এসব অনিয়ম মাত্রা ছাড়িয়ে যাবে। গ্যাস সংকট প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, গ্যাসের সংকটটাও এর ব্যতিক্রম নয়। আমরা সরকারের সদিচ্ছার অভাব দেখছি। বিরোধী দল যখন এই সংকট নিরসনে পরামর্শ দিচ্ছে, তখন দেখা যাচ্ছে বিরোধী দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে।

এর আগে অনুষ্ঠিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের হাতে পবিত্র কোরআন শরিফ, কলেজ ব্যাগ, কলমদানি, চাবির রিং, কলম, ইসলামিক বই ও দোয়ার স্টিকার তুলে দেওয়া হয়।