থাইল্যান্ডে চিকিৎসা নিয়ে দেশে ফিরলেন জুলাই যোদ্ধা নাবিল

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী নাবিল আহামেদ (২১) থাইল্যান্ডে প্রায় ২০ মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। তাকে ফের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার গুলিবিদ্ধ পা কেটে ফেলতে হবে বলে জানিয়েছেন থাইল্যান্ডের চিকিৎসকরা।

২০২৪ সালের শেষের দিকে নাবিলকে থাইল্যান্ড পাঠানো হয়। সেখানে চিকিৎসা নিয়ে গত বৃহস্পতিবার দেশে ফেরেন তিনি। এদিন রাতেই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এখানে তাকে এক মাস পর্যবেক্ষণে রাখা হবে।

আহত নাবিলের বাবা সিদ্দিকুর রহমান বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন কদমতলী থানার সামনে আন্দোলন চলাকালে ডান পায়ে গুলিবিদ্ধ হয় নাবিল। থাইল্যান্ডের চিকিৎসকরা জানিয়েছেন, তার গুলিবিদ্ধ পা কেটে ফেলতে হবে। তারা পরামর্শ দিয়েছেন অপারেশনের আগে ছেলেকে বাংলাদেশে এক মাস পর্যবেক্ষণে রেখে থাইল্যান্ড পাঠাতে।

নাবিলের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাজারগাঁও গ্রামে। ঘটনার সময় পরিবার নিয়ে সে রায়েরবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নাবিল ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।