সন্ত্রাসী চুয়া সেলিম জয় ও বোমা রতন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের সদস্যসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। গ্রেপ্তার তিন সন্ত্রাসী হলেন জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী চুয়া সেলিম, চাঁদ উদ্যানের শীর্ষ কিশোর গ্যাং লিডার মাহী গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয় ও রতন ওরফে বোমা রতন।

গতকাল শুক্রবার বছিলায় র‌্যাব-২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে র‌্যাব-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী ও মাদক কারবারি ৩৬ মামলায় অভিযুক্ত এবং হত্যা ও মাদকের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাহী গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয়কে চাঁদ উদ্যান থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও, তালিকাভুক্ত আরেক সন্ত্রাসী মো. রতন ওরফে বোমা রতনকে মোহাম্মদপুরের বিজলী মহল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন জেনেভা ক্যাম্প ও পাশর্^বর্তী এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, খুন, মারামারিসহ বিভিন্ন অপরাধের প্রধান নিয়ন্ত্রক ও পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে চুয়া সেলিমের বিরুদ্ধে। এ ছাড়া, একই দিনে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং মাহি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড ডাকাতি-ছিনতাই মাদকসহ ১০ মামলায় অভিযুক্ত জয়কে গ্রেপ্তার করা হয়। জয়সহ মাহি গ্রুপের সদস্যরা দীর্ঘদিন মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবীনগর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মারপিটে লিপ্ত হয়ে ত্রাস সৃষ্টি করে আসছিল। এলাকার ব্যবসায়ী, ভাড়াটিয়া এবং নির্মাণকাজ সংশ্লিষ্ট ব্যক্তিরা নিয়মিত তাদের চাঁদাবাজির স্বীকার হতেন।