পূর্বাচলে কারের ধাক্কায় বাইক চালকের মৃত্যু

রাজধানীর পূর্বাচল ১০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় সাজ্জাদ হোসেন রাতুল (৩২) নামে এক মোটরসাইকেলচালক মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে রাতুলের বোন শম্পা আক্তার জানান, রাতুল স্ত্রীকে নিয়ে বাড্ডা বেড়াইদ এলাকায় থাকতেন এবং যমুনা ফিউচার পার্কে একটি কাপড়ের দোকানে কাজ করতেন। সকালে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে ১০০ ফিট এলাকায় একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে ইউনাইডেট হাসপাতালে এবং পরে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।