হাতকড়া নিয়ে পালানোর ১১ ঘণ্টা পর গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইয়াবাসহ আটকের পর পুলিশের হাতে কামড় দিয়ে  হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক কারবারিকে ১১ ঘণ্টা পর ফের গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আসামির বড় ভাইকেও আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, পুলিশের একটি টিম বৃহস্পতিবার দুপুরে ১২টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামে অভিযান চালিয়ে রাজু (৩০) নামে এক মাদক কারবারিকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরে গাড়িতে তোলার সময় তার স্বজনরা তাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে রাজু পুলিশের এক সদস্যকে হাতে কামড় দিয়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশ অনেক চেষ্টা করেও তাকে আর তাৎক্ষণিক গ্রেপ্তার করতে পারেনি। পরে রাত ১১টার দিকে পুলিশ ফের ওই এলাকায় অভিযান চালিয়ে মো. রাজুকে গ্রেপ্তার করে। রাজু’র বড় ভাই আক্তার হোসেন (৪২) পুলিশের কাজে বাধা দেওয়ায় তাকেও আটক করা হয় ।