চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেল আয়োজন করল তৃতীয় আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও প্রিন্ট প্রদর্শনী। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটি উদযাপন করল তাদের অর্ধযুগ পূর্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলোকচিত্রশিল্পী হাসান চন্দন। অতিথি হিসেবে ছিলেন চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভী ও বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক জাকিরুল মাজেদ কনক।
আলোকচিত্রে অনন্য অবদানের জন্য বরেণ্য আলোকচিত্রশিল্পী স্বপন সাহা, শফিকুল ইসলাম স্বপন এবং নাফিস আহমেদ নাদভীকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এই তিন গুণী আলোকচিত্রীর জীবন ও কর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন আলোকচিত্রশিল্পী ও গবেষক সাহাদাত পারভেজ।
আন্তর্জাতিক স্যালনে পুরস্কার অর্জন পান পিনু রহমান, খোরশেদ আলম, তামজিদ আলম, মৌসুমী সিরাজ, প্রতাপ শেখর মোহন্ত, মুহাম্মদ মনসুরুল আজম এবং পয়েল আহমেদ। বিশেষ স্বীকৃতি হিসেবে প্রতাপ শেখর মোহন্ত পেয়েছেন গোলাম কাসেম ড্যাডি মেমোরিয়াল পুরস্কার। আয়োজনের দায়িত্বে ছিলেন স্যালন চেয়ারম্যান আহমেদ রাসেল এবং স্যালন সেক্রেটারি রাজীব রানা দাস।