৩৮ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার, আটক ৪

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমবাড়ী থেকে ৩৮ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের সাপের বিষ জব্দ করেছেন বিজিবি ও র‌্যাব সদস্যরা। এ সময় চারজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।

আটকরা হলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দামুর গ্রামের মোকলেসুর হকের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৩), দিনাজপুর সদর উপজেলার ছোট গুড়গোলা গ্রামের মৃত এ কে এম শহিদুল ইসলামের ছেলে মো. সালাউদ্দিন সান্জু (৪১), ফুলবাড়ী উপজেলার ক্ষেত দেখি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. আনিছুর রহমান (৫৫) এবং বিরামপুর উপজেলার কৃন্দনহাট গ্রামের মৃত মোবারকের ছেলে উজ্জ্বল আলী (৫৪)।

বিজিবি অধিনায়ক জানান, গত ১৩ আগস্ট দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ৪২ বিজিবি, র‌্যাব ১৩ দিনাজপুর ক্যাম্প ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানিক দল জেলার চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি কাঁচের জারে আনুমানিক ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ, একটি প্রাইভেট কার, দুটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন সেট এবং ছয়টি সিমকার্ড জব্দ করা হয়। আটকৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য। ইতোপূর্বে বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশে সাপের বিষ পাচার করেছে। জব্দকৃত সাপের বিষও বিদেশে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। জব্দ করা সাপের বিষ, প্রাইভেট কার, মোটরসাইকেল ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৮ কোটি ৫৭ লাখ টাকা। অভিযানের পর আটক ব্যক্তিদের উদ্ধারকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়।

পরবর্তীতে আদালতের নির্দেশ অনুযায়ী গত ১৯ আগস্ট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে জব্দ বিষের নমুনার রাসায়নিক পরীক্ষা করা হয়। নমুনাটি সাপের বিষ হিসেবে শনাক্ত হয়।