দক্ষিণ কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর পাশে মাধবপুরের সাইফুল

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে বিপাকে পড়া ২২৫ শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জের মাধবপুরের সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলাম। কোরিয়ার বিশ্ববিদ্যালয়ে আটকে থাকা শিক্ষার্থীদের প্রায় ১৫ কোটি ৮৮ লাখ ৬১ হাজার ২৫০ টাকা ফেরত পেতে আইনি লড়াইয়ে তিনি সিউলে যাচ্ছেন।

আগামী রবিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উদ্দেশে ঢাকা ছাড়বেন মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের সাইফুল ইসলাম। ইউ কেয়ার এডুকেশন কনসালটেন্সি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে তিনি এ আইনি পদক্ষেপ নিচ্ছেন।

জানা গেছে, ভুক্তভোগী ২২৫ শিক্ষার্থীর মধ্যে ১৯৪ জন বাংলাদেশি, ২৮ জন নেপালি ও ৩ জন পাকিস্তানি। তারা দক্ষিণ কোরিয়ার সিংইয়ংজু বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য টিউশন ফি জমা দিলেও বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ ভিসার প্রয়োজনীয় কাগজপত্র সময়মতো জমা না দেওয়ায় তাদের ভিসা প্রত্যাখ্যাত হয়।

অফার লেটারে ভিসা না হলে ৯০ দিনের মধ্যে টিউশন ফি ফেরতের কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের টাকা ফেরত দেয়নি বিশ্ববিদ্যালয়। পরে প্রতিষ্ঠানটি দেউলিয়া হওয়ার আইনি প্রক্রিয়া শুরু করায় শিক্ষার্থীদের অর্থ ফেরত পাওয়া অনিশ্চিত হয়ে পড়ে।

অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, ২৮ আগস্টের মধ্যে কোরিয়ার উপযুক্ত আদালতে শিক্ষার্থীদের পাওনার দাবি দাখিলের প্রস্তুতি নেওয়া হয়েছে। যথাসময়ে ক্লেইম দাখিল করলে শিক্ষার্থীরা পুরো টাকা ফেরত পাবেন বলেও তিনি আশাবাদী।