সুইডিশ রাষ্ট্রদূত বললেন

তরুণরা মানবাধিকারের বার্তা বাহক

মানবাধিকার রক্ষায় তরুণ প্রজন্মকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আলবার্টো জিওভেনেত্তি। তিনি বলেন, মানবাধিকার শুধু আইন, আদালত বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিষয় নয়; এটি মানুষের প্রতিদিনের জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। অধিকার সম্পর্কে সচেতন হয়ে অন্যের মর্যাদা, সমতা ও স্বাধীনতা রক্ষায় তরুণদের বার্তা বাহক হিসেবে ভূমিকা রাখতে হবে। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ড. আব্দুল্লাহ ফারুক অডিটরিয়ামে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) আয়োজিত ৩য় জাতীয় মানবাধিকার অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলবার্টো জিওভেনেত্তি বলেন, তরুণরা মানবাধিকারের শিক্ষার্থী ও বার্তাবাহক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অধিকার সম্পর্কে জানার পাশাপাশি অন্যের প্রতি দায়িত্বশীল হওয়া, বৈষম্য প্রত্যাখ্যান করা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোও তাদের দায়িত্ব। তিনি ডিজিটাল মাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও তরুণদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে মানবাধিকারকর্মী ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য মো. নূর খান লিটন বলেন, মানবাধিকার বিষয়ে তরুণদের মধ্যে সচেতনতা তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবাধিকারকে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা মতাদর্শের দৃষ্টিকোণ থেকে নয়, বরং সর্বজনীন মূল্যবোধ ও ন্যায়বিচারের আলোকে দেখতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য অধ্যাপক মো. শরিফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ প্রমুখ।