কাজিবাছা নদীর তীর থেকে শিশুর মরদেহ উদ্ধার

খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা দুর্গা মন্দিরের পূর্ব পাশে কাজিবাছা নদীর তীর থেকে শিশু ইয়াদুল ইসলামের (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার স্কুল ছুটি হওয়ার পর নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয় শিশুটি।

শিশুটির পিতার নাম শিমুল মোল্লা, তার বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার বিষ্টুপুর গ্রামে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে স্থানীয়রা নদীর তীরে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে বটিয়াঘাটা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে।

বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মোঃ শরিফুল ইসলাম বলেন, শনিবার বেলা বারোটার দিকে খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এরপর নৌ পুলিশের সহযোগিতায় বটিয়াঘাটা থানা পুলিশ, সিআইডি এবং পিআইবি পুলিশের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয়। এখন প্রক্রিয়া শেষে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন।