মুন্সীগঞ্জে অবৈধভাবে বালু ভরাটের দায়ে ২ জনকে জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদীখানে কৃষিজমি অবৈধভাবে বালু দিয়ে ভরাটের অপরাধে দুই ব্যক্তিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২২ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের নাটেশ্বর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মো. সাইফ ও আব্দুর রহমান।

অভিযানে নাটেশ্বর গ্রামে দীর্ঘদিন ধরে কৃষিজমি অবৈধভাবে বালু দিয়ে ভরাট করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে সাইফ ও আব্দুর রহমানকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও কৃষিজমি ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।