বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। বিগত সরকার শিক্ষাক্ষেত্রকে ধ্বংস করে দিয়েছিল। সেখান থেকে মাত্র ছয় মাসে বর্তমান সরকার যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়ে ধ্বংসস্তূপ থেকে শিক্ষা ব্যবস্থাকে তুলে এনেছে। এর মূল পরিকল্পনাকারী বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই পরিকল্পনা বাস্তবায়নকারী হচ্ছেন আপনারা। আর তাই আগামী দিনে সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষক শিক্ষিকারা নিরলসভাবে কাজ করবে এমনটি প্রত্যাশা ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের।
বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন ফরিদপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল এসব কথা বলেন। শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় ফরিদপুর সদর উপজেলা হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. জহুরুল ইসলাম পলাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী জাতীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য মো. আজিজুল হক, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট বোর্ডের সদস্য মো. কামরুজ্জামান মিজান, কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. লোকমান হোসেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাওলাদার আবুল কালাম আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে জেলার বিভিন্ন বেসরকারি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।
বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন ফরিদপুর জেলা শাখার এ ত্রি-বার্ষিক সম্মেলনে নেতারা অতিথিদের কাছে দাবি করে বলেন, বেসরকারি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সরকারি করণের দাবি জানান। এ বিষয়ে সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।