অস্ট্রেলিয়ার ডারউইনে টপএন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের সূচনাটা দারুণভাবে স্মরণীয় করে রাখল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। স্পিন জাদু দেখিয়ে প্রতিপক্ষকে আটকে দেওয়ার পর জিসান আলমের আক্রমণাত্মক ইনিংসে ভর করে নেপাল 'এ' দলের বিরুদ্ধে ৯ উইকেটের একপেশে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
মারারা ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে রহস্য স্পিনার মোহাম্মদ রুবেলের স্পিন ফাঁদে পড়ে দিশেহারা হয়ে যায় নেপাল। নিজের প্রথম দুই ওভারেই ৩টি আঘাতসহ মাত্র ১৮ রান খরচায় ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এই তরুণ। তাকে যোগ্য সঙ্গ দেন রিপন মন্ডল ও রোহানাত দৌলা বর্ষণ। একের পর এক উইকেট হারিয়ে মাত্র ১৩ রানেই ৫ উইকেট হারিয়ে গভীর সংকটে পড়ে নেপালিরা। মাঝে এক প্রান্ত ধরে রেখে ওপেনার কুশাল ভুর্তেল ৪০ বলে ৪৬ রানের লড়াই না করলে আরও আগেই গুটিয়ে যেত তারা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯৯ রানেই থমকে যায় নেপালের ইনিংস।
১০০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভার থেকেই তোপ দাগান ওপেনার জিসান আলম। ওভারের প্রথম বলেই বিশাল এক ছক্কাসহ তুলে নেন ২১ রান। আরেক ওপেনার হাবিবুর রহমান সোহান ৭ রান করে দ্রুত ফিরলেও, তা বাংলাদেশের জয়ে কোনো প্রভাব ফেলেনি।
চারটি ছক্কা ও চারের প্রদর্শনীতে জিসান মাত্র ২৯ বলে তুলে নেন ঝোড়ো ফিফটি। তাকে অন্যপ্রান্তে দারুণ সঙ্গ দেন আরিফুল ইসলাম সবুজ, ২৭ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন তিনি। জিসানের ছক্কায় ভর করেই ১০.২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।
৯ দলের এই টুর্নামেন্টে রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে হোবার্ট হারিকেন্স একাডেমির মুখোমুখি হবে বাংলাদেশ এইচপি দল।
সংক্ষিপ্ত স্কোর
নেপাল ‘এ’: ২০ ওভারে ৯৯/৯ (ভুর্তেল ৪৬, বর্ষণ ৩-০-১৩-১, রুবেল ৪-০-১৮-৪, রিপন ৪-০-১৯-১, সাকলাইন ৪-০-১৮-০, সামিউন ৪-০-২৩-১, শামীম ১-০-৪-০)।
বাংলাদেশ এইচপি: ১০.২ ওভারে ১০১/১ (জিসান ৫২*, সোহান ৭, আরিফুল ৩৪*)।
ফল: বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ৯ উইকেটে জয়ী।