নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারী চালিত অটোভ্যান চালক আবু সাঈদ ও ভ্যানের যাত্রী সাব্বির হোসেন নামে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট)  দুপুরে শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোভ্যানের যাত্রী নাটোর সদর উপজেলার জয়নগর পূর্বপাড়া মহল্লার জমশেদ আলীর ছেলে সাব্বির হোসেন (২৩) এবং ভ্যানের চালক একই উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের হাসান আলীর ছেলে আবু সাঈদ (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী শিশির পরিবহনের যাত্রীবাহী একটি বাস শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় ব্যাটারী চালিত অটোভ্যানটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় ভ্যান চালক ও যাত্রী ভ্যান থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যায়। পরে বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. জাকির হোসেন জানান, মরদেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।  এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।