যশোরের মনিরামপুরে পারখাজুরা বাঁওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে। শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ।
তারা হলো হাজরাকাটি গ্রামের অলিয়ার রহমানের ৬ বছর বয়সী মেয়ে ইয়াসমিন খাতুন এবং প্রতিবেশী মফিজুর রহমানের ১০ বছর বয়সী ছেলে জিসান হোসেন।
স্বজনরা জানান, শনিবার সকালে ইয়াসমিন ও জিসান একসাথে খেলতে বের হয়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও বাড়িতে না ফেরায় স্বজনরা তাদের খোঁজাখুজি শুরু করেন। পরে তারা জানতে পারেন দুই জন পার্শ্ববর্তী পারখাজুরা বাঁওড়ে শাপলা ফুল তুলতে গেছে। এই সংবাদে পরিবারের লোকজন দ্রুত বাঁওড়ে যান। স্থানীয়দের ধারণা শাপলা তোলার সময় একজন পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অপরজনও পানিতে ডুবে যায়। এক পর্যায় পানিতে ডুবে দুই শিশুরই মৃত্যু ঘটে ।
মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল হাসান বলেন, ডুবে যাওয়া দুই শিশুর মধ্যে ইয়াসমিনকে স্বজনরা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইয়াসমিন ও জিসান হাজরাকাটি মহিলা আলীম মাদরাসার শিক্ষার্থী ছিল। ইয়াসমিন প্রথম শ্রেণিতে ও জিসান চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।