বিনামূল্যে সিনেমা দেখাচ্ছে ডিএসসিসি

‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব। শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলের মধুমিতা হলে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ উৎসবের শুভ উদ্বোধন করা হয়।

ডিএসসিসি জানায়, বাংলা চলচ্চিত্রের হারানো গৌরব এবং ঢাকার ঐতিহ্য তুলে ধরতে মধুমতিা হলে প্রতিদিন বিনামূলে সিনেমা দেখার আয়োজন করা হয়েছে। 

মধুমিতা হলে প্রতিদিন দুটি প্রদর্শনী (বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টা) সর্বসাধারণের জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে।  শনিবার এ কার্য কার্যক্রম শুরু হয়েছে। আগামীকাল ২৩ আগস্ট: বিকেল ৩টা ‘নবাব সিরাজদ্দৌলা’,  সন্ধ্যা ৬টা ‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’, ২৪ আগস্ট: বিকেল ৩টা ‘জীবন থেকে নেওয়া’, সন্ধ্যা ৬টা ‘নান্টু ঘটক’, ২৫ আগস্ট: বিকেল ৩টা, ‘অশিক্ষিত’, সন্ধ্যা ৬টা ‘রংবাজ’, ২৬ আগস্ট: বিকেল ৩টা ‘সবুজ সাথী’,  সন্ধ্যা ৬টা ‘নাচের পুতুল’, ২৭ আগস্ট: বিকেল ৩টা ‘দূরদেশ’, সন্ধ্যা ৬টা ‘দহন’, ২৮ আগস্ট: বিকেল ৩টা ‘দোস্ত দুশমন’ এবং সন্ধ্যা ৬টা ‘বধু বিদায়’। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, এই অনন্য উদ্যোগের প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। দেশে সিনেমা হলের সংখ্যা হ্রাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘একসময় সারাদেশে সাড়ে আটশোর বেশি সিনেমা হল চালু থাকলেও বর্তমানে তা কমে ১-১৫টিতে নেমে এসেছে। ডিজিটাল যুগে স্মার্টফোন ও আধুনিক মাল্টিমিডিয়ার সহজলভ্যতায় দর্শকদের মনোজগতে বড় পরিবর্তন এসেছে। তাই কলাকুশলীদের দর্শকরুচি বিবেচনা করে সিনেমা নির্মাণ করতে হবে এবং এ খাতে সরকারকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদান করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে পুনরায় গতিশীল করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সমঝোতা স্মারকের মাধ্যমে একযোগে কাজ করবে।’ বিশ্বের অন্যান্য দেশের প্রেক্ষাগৃহের উদাহরণ টেনে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দর্শকদের ভালো সিনেমা উপহার দিতে পারলে আমাদের চলচ্চিত্রে আবারও সুদিন ফিরে আসবে।

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সাথে চলচ্চিত্রের গভীর সংযোগ রয়েছে। চলচ্চিত্র ছাড়া আমাদের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে যথাযথভাবে চিত্রায়িত করা সম্ভব নয়। রাজধানী হিসেবে ঢাকা বিশ্বজুড়ে অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী। এই শহরের গৌরবময় ইতিহাস ও সংস্কৃতি দেশ-বিদেশে ছড়িয়ে দিতেই ডিএসসিসি এ উৎসবের আয়োজন করেছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।