গ্রাহকদের জন্য সহজ, সুবিধাজনক ও আকর্ষণীয় অটো লোন সেবা প্রদানে ব্যাংক এশিয়া পিএলসি এবং ডিএইচএস অটোস লিমিটেডের মধ্যে একটি কৌশলগত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্বের আওতায় ডিএইচএস অটোস লিমিটেডের গ্রাহকগণ প্রতিযোগিতামূলক সুদহারে ব্যাংক এশিয়ার আকর্ষণীয় অটো লোন সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়াও এর আওতায় যৌথ বিপণন কার্যক্রম, গ্রাহক সম্পৃক্ততামূলক কর্মসূচি এবং বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালিত হবে।
সোমবার (১৭ আগস্ট) রাজধানী তেজগাঁও শিল্প এলাকায় র্যাংগস ব্যাবিলোনিয়া বিল্ডিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংক এশিয়া পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অ্যাসেট, রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. জাহেদ চৌধুরী এবং ডিএইচএস অটোস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শিহাব আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই অংশীদারিত্ব অটো ফাইন্যান্সিং সুবিধা গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ করবে এবং মানসম্মত গাড়ির মালিকানা অর্জনে ব্যক্তি ও পরিবারের প্রত্যাশা পূরণে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে, এটি দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশের অটোমোটিভ ও আর্থিক সেবা খাতের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।