স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শনিবার (২২ আগস্ট) বিকালে হঠাৎ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে মন্ত্রী থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা এবং জনগণের প্রতি পুলিশের সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় মন্ত্রী থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি থানা ভবনের বিভিন্ন ফ্লোরে অবস্থিত পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস কক্ষ, হাজতখানা এবং পুলিশ সদস্যদের আবাসন ব্যারাক ও ডাইনিং স্পেস (মেস) ঘুরে দেখেন।
ব্যারাক পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, মেসের খাবারের সার্বিক মান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে থানায় কর্মরত পুলিশ সদস্যদের নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সুনির্দিষ্ট সময়সূচি ও কাজের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মন্ত্রী তেজগাঁও থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সাথেও সরাসরি কথা বলেন। জিডি (সাধারণ ডায়েরি) বা অভিযোগ জমা দিতে আসা ভুক্তভোগীদের সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন এবং তাদের অভিযোগগুলো দ্রুততম সময়ে স্বচ্ছতার সাথে নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশ দেন।
পরিদর্শনকালে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, ডিবি প্রধান শফিকুল ইসলামসহ ঊধ্বর্তনরা উপস্থিত ছিলেন।
পরে আইজিপি আলী হোসেন ফকির ডিএমপি'র পল্টন মডেল থানা পরিদর্শন করেন। তিনি থানায় কর্মরত অফিসার ও ফোর্সের সঙ্গে কথা বলেন এবং অপারেশনাল ও প্রশাসনিক বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ-খবর নেন।
আইজিপি থানায় আগত সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে দ্রুততম সময়ে নিরপেক্ষভাবে সেবা প্রদানের জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন।