জামায়াত মহিলা বিভাগের নামে ভুয়া ফটোকার্ড প্রচার, প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের নামে পরিচালিত ভুয়া ফেসবুক পেজ থেকে অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে এসব ভুয়া পেজের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শনিবার (২২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ আগস্ট ‘মহিলা জামাত প্রচার বিভাগ’ নামে একটি ফেসবুক পেজ থেকে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নামে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়। ওই ফটোকার্ডে দাবি করা হয়, ‘নির্বাচনী খরচ বাঁচাতে ঠাকুরগাঁও-১ আসনে কোনো উপনির্বাচন হবে না। ১২ ফেব্রুয়ারি দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতের প্রার্থীই উক্ত আসনের এমপি বলে গণ্য হবেন।’

জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘদিন ধরে মহিলা বিভাগের নামে অসংখ্য ভুয়া পেজ খুলে জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব পেজের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কোনো সংশ্লিষ্টতা নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহিলা বিভাগের কর্মকাণ্ডকে বিতর্কিত করার উদ্দেশ্যে যারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন, তাদের কর্মকাণ্ডের নিন্দা জানানো হচ্ছে। একই সঙ্গে এ ধরনের অপতথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সব ধরনের প্রচারণা তাদের কেন্দ্রীয় ও শাখাসমূহের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ করা হয়। এসব অফিসিয়াল পেজের বাইরে অন্য কোনো পেজ বা আইডি থেকে প্রকাশিত পোস্ট কিংবা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।