মঞ্চে আসছে ‘দ্য আলকেমিস্ট’

বিশ্বসাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং আলোড়ন সৃষ্টিকারী উপন্যাস পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’ এবার আসছে ঢাকার মঞ্চে। আত্মোপলব্ধি, স্বপ্ন ও ভাগ্যের অন্বেষণে এক তরুণের সুদূর আন্দালুসিয়া থেকে মিসরীয় পিরামিডের দিকে যাত্রার এই রূপকধর্মী গল্পটি মঞ্চে আনছে নাট্যদল ‘অ্যাক্টোম্যানিয়া’। শিগগিরই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে নাটকটির উদ্বোধনী ও নিয়মিত প্রদর্শনী শুরু হবে। আত্মোপলব্ধি, স্বপ্ন ও ভাগ্যের অন্বেষণে এক তরুণের আন্দালুসিয়া থেকে মিসরের পিরামিডের উদ্দেশে যাত্রার রূপকধর্মী গল্প এবার জীবন্ত হয়ে উঠবে মঞ্চে।

‘দ্য আলকেমিস্ট’ উপন্যাসের মূল দর্শন মানুষ যখন মন থেকে কোনো কিছু চায়, তখন সেই স্বপ্ন পূরণের পথে পুরো বিশ্ব যেন তার পাশে এসে দাঁড়ায়। এই সর্বজনীন ভাবনা ও জীবনের নানা উপলব্ধিকে নাট্যমঞ্চে তুলে ধরার চেষ্টা করা হয়েছে নতুন এই প্রযোজনায়। অ্যাক্টোম্যানিয়ার দলপ্রধান ও নির্দেশক তালহা জুবায়ের বলেন, বর্তমান সময়ে ক্যারিয়ারের ইঁদুরদৌড়ে মানুষ অনেক সময় নিজের স্বপ্ন ও জীবনের লক্ষ্য ভুলে যায়। ‘দ্য আলকেমিস্ট’ সেই স্বপ্ন ও আত্ম-অন্বেষণের কথাই নতুন করে মনে করিয়ে দেয়। তার ভাষ্য, জীবনের নির্দিষ্ট লক্ষ্য খুঁজে পাওয়া এবং সেই লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাওয়ার গল্পই এই প্রযোজনার অন্যতম উপজীব্য। নিজের ভেতরের তাগিদ ও স্বপ্নকে নতুন করে আবিষ্কারের পাশাপাশি দর্শকদের মধ্যে স্বপ্ন দেখার আকাক্সক্ষা জাগিয়ে তুলবে নাটকটি এমনটাই আশা তার।

নান্দনিক আলোকসম্পাত, আবহসংগীত এবং শক্তিশালী অভিনয়ের মধ্য দিয়ে সান্তিয়াগো নামের সেই রাখাল বালকের মরুভূমির যাত্রা এবং তার অন্তর্জগতের রূপান্তর ফুটিয়ে তোলা হবে মঞ্চে।