ফেরার জল্পনায় মেগান

প্রিন্স হ্যারিকে বিয়ের পর অভিনয় থেকে এক ধরনের বিদায় নিয়েছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল। তবে বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছে আবার অভিনয়ে ফিরছেন এই তারকা। শোনা যাচ্ছে, অভিনয় থেকে দীর্ঘ বিরতিতে থাকা মেগান ফিরতে পারেন বড় পর্দায়। পাশাপাশি নেটফ্লিক্সের জনপ্রিয় ধারাবাহিক ‘দ্য জেন্টলমেন’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য তার সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে। যদিও এই আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে চূড়ান্ত হলে প্রিন্স হ্যারিকে বিয়ের পর এটিই হবে মেগানের প্রথম উল্লেখযোগ্য অভিনয়ের কাজ।

গাই রিচি নির্মিত ‘দ্য জেন্টলমেন’ একটি হাস্যরসাত্মক অপরাধভিত্তিক ধারাবাহিক। এর গল্পে এক ডিউক মাদক ব্যবসার জগতে জড়িয়ে পড়েন। ধারাবাহিকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন থিও জেমস। আগের পর্বগুলোতে হিউ বনেভিল ও ভিনি জোনসের মতো অভিনেতারাও ছিলেন। ধারাবাহিকটির আগের দুই পর্বের বড় অংশের শুটিং হয়েছে ইংল্যান্ডের কটসওল্ডসে। মেগান ও হ্যারি যুক্তরাজ্যে ফিরে সেখানে বসবাস শুরু করতে পারেন এমন গুঞ্জনের মধ্যেই মেগানের সম্ভাব্য অভিনয়ে ফেরার খবর সামনে এলো। তবে মেগানকে ঠিক কোন চরিত্রে দেখা যেতে পারে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

অভিনেত্রী হিসেবে মেগানের সবচেয়ে পরিচিত কাজ মার্কিন আইনভিত্তিক ধারাবাহিক ‘স্যুটস’। সেখানে তিনি আইনজীবী র‌্যাচেল জেনের চরিত্রে সাত মৌসুম অভিনয় করেন। ধারাবাহিকটিতে তার শেষ পর্ব প্রচারিত হয় ২০১৮ সালে। একই বছর প্রিন্স হ্যারিকে বিয়ের পর তিনি অভিনয় থেকে সরে দাঁড়ান। তখন মেগান জানিয়েছিলেন, অভিনয় ছেড়ে দেওয়াকে তিনি কোনো কিছু হারানো হিসেবে দেখছেন না; বরং এটিকে জীবনের একটি নতুন অধ্যায় হিসেবে দেখছেন। প্রায় এক দশক পর সম্প্রতি আবার অভিনয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। আসন্ন হাস্যরসাত্মক চলচ্চিত্র ‘ক্লোজ পার্সোনাল ফ্রেন্ডস’-এ নিজের চরিত্রেই অতিথি উপস্থিতিতে দেখা যাবে তাকে। তবে হ্যারি বা মেগান কেউই আবার রাজপরিবারের কর্মরত সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেনÑ এমন কোনো পরিকল্পনা বর্তমানে নেই।