ফেনীতে সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী পালিত

নাট্যচার্য সেলিম আল দীনের নিজ জেলা ফেনীতে ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (২২ আগস্ট) শহরের নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারে নানা আয়োজন করা হয়। সেলিম আল দীন কেন্দ্রের আয়োজনে সকাল ১০ টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
 
প্রতিযোগিতার উদ্বোধন করেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ও কবি মনজুর তাজিম। বিকাল ৩ টায় স্মৃতিচারণ ও সেলিম আল দীন পাঠ, সাড়ে ৪ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাড়ে ৫ টায় পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়। 
 
সেলিম আল দীন চর্চা কেন্দ্রের আহবায়ক শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইবির চেয়ারম্যান প্রফেসর ইঞ্জিনিয়ার মোতাহের হোসেন।
 
সেলিম আল দীন কেন্দ্রের সাধারণ সম্পাদক রাজিব সরোয়ার ও কবি শামীম পাটোয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিফাত আসমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নেয়ামত উল্যাহ, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, কবি মনজুর তাজিম, জাসাস ফেনী জেলা সভাপতি কাজী ইকবাল আহমেদ পরান, সেলিম আল দীন কেন্দ্রের সহসভাপতি কবি ও গবেষক শাবিহ মাহমুদ এবং জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা।
 
শুভেচ্ছা বক্তব্য রাখেন সেলিম আল দীন কেন্দ্রের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা পিকাসো।  
 
প্রধান অতিথি বলেন, সেলিম আল দীন ছিলেন নিরহংকারী। উনার মাঝে অহংকার ছিল না। উনি রিক্সাচালকদের সাথে কথা বলতেন। উনি কৃষকদের সাথে কথা বলতেন। উনি দেশের মাটি ও মানুষকে ভালোবেসেছেন। উনি নির্যাতিত ও নিষ্পেষিত মানুষের পক্ষে কথা বলেছেন। নাটকের মাধ্যমে সব তুলে ধরতেন। উনি আঞ্চলিক ভাষা দিয়ে নাটক তৈরি করেছেন। তিনি ছিলেন আধুনিক নাট্যকার।
 
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক রিফাত আসমা বলেন, নাট্যাচার্য সেলিম আল দীনের স্মৃতি ধন্য ফেনীতে সাংস্কৃতিক চর্চা আরও বাড়াতে হবে। নতুন প্রজন্মকে এ ধরনের বিখ্যাত ব্যক্তিদের জানতে হবে।
 
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উত্তীর্ণ ১৫ জনকে পুরস্কৃত করার পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আগত শিল্পীরা।