নাটকীয় জয়ে শুরু মরিনহোর নতুন অধ্যায়, ভিনিকে বুলিংয়ে তীব্র ক্ষোভ

শেষ মুহূর্তের রোমাঞ্চকর গোলে এস্পানিওলকে ২-১ ব্যবধানে হারিয়ে জয় দিয়ে লিগ মৌশুম শুরু করল রিয়াল মাদ্রিদ। তবে দলের জয়ের আনন্দ ছাপিয়ে ম্যাচের পর আলোচনায় উঠে এসেছে ভিনিসিউস জুনিয়রের প্রতি প্রতিপক্ষ ফুটবলার ও সমর্থকদের বৈরী আচরণ নিয়ে কোচ হোসে মরিনহোর তীব্র ক্ষোভ।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৯ মিনিটে আরদা গুলেরের চমৎকার ক্রস থেকে লক্ষ্যভেদ করে রিয়ালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন জুড বেলিংহাম। ৩০ মিনিটে এস্পানিওলের অ্যালেক্স কালাত্রাভা গোল করে ম্যাচে ১-১ সমতা ফেরান।

নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে, অর্থাৎ ৯০ মিনিটে বিকল্প হিসেবে মাঠে নামা ২০ বছর বয়সী ফরোয়ার্ড কার্লোস এস্পি জয়সূচক গোলটি করেন। লেভান্তে থেকে আসা এই তরুণ রিয়ালে তার অভিষেক ম্যাচেই বাজিমাত করলেন।

প্রথম ম্যাচেই জয়সূচক গোল করলেন কার্লোস এস্পি

ভিনিসিউসকে নিয়ে মরিনহোর ক্ষোভ

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ হোসে মরিনহো ভিনিসিউস জুনিয়রের প্রতি মাঠে হওয়া আক্রমণাত্মক আচরণের কড়া প্রতিবাদ জানান। ম্যাচের শুরুর ৫ মিনিটেই কালাত্রাভা পিছন থেকে ভিনিসিউসকে ফাউল করেন, তবে রেফারি তাকে কোনো কার্ড দেখাননি।

মরিনহো বলেন, "ভিনিসিউস নিশ্চয়ই কোনো সাধু নয়, কিন্তু তার ওপর যা করা হচ্ছে তা অত্যন্ত মাত্রাতিরিক্ত। এক প্রতিপক্ষের পর আরেক প্রতিপক্ষ যেন তাকে ফাউল করার কৌশল নিয়েই মাঠে নামে। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বুলিংয়ের বিরুদ্ধে কথা বলা হয়, অথচ ভিনিসিউসের ক্ষেত্রে মাঠ ও গ্যালারি উভয় জায়গা থেকেই প্রতিনিয়ত বুলিং করা হচ্ছে।"

তিনি আরও জানান যে ভিনিসিয়ুসকে আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে এবং গোল উদযাপনের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জয় দিয়ে মৌসুম শুরু করলেও তারকাখচিত দলটিকে আরও সুসংগঠিত করার বেশ কাজ বাকি রয়েছে বলে মনে করেন রিয়াল বস।