সন্দ্বীপে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, আটক ১

চট্টগ্রামের সন্দ্বীপে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালাপানিয়া মাদ্রাসা মার্কেটের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এতে হাসান নামে ওই ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তার গলায় গভীর ক্ষত হয়েছে। এ ঘটনার বিচারের দাবীতে রাতেই ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করে। পরে গভীর রাতে শাকিল নামের একজনকে পুলিশ আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে কালাপানিয়া মাদ্রাসা মার্কেটের এক কোণে হঠাৎ হাসানের ওপর হামলা চালানো হয়। এ সময় শাকিল নামের এক যুবক তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা শাকিলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আহত হাসানকে প্রথমে গাছুয়া মেডিকেলে নেওয়া হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেয়ার পরামর্শ দেন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসান কালাপানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আকবর হোসেনের ছেলে। অন্যদিকে অভিযুক্ত শাকিল একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

জনবহুল বাজারে এ ধরনের হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এলাকায় মিছিল করে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, গভীর রাতে অভিযুক্ত শাকিলকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।