ছাত্রাবাসে মাদক সেবনের সময় ওয়ান শুটার গান ও গুলিসহ আটক ৩

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ফয়সাল আহমেদ নামে একজনের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুইটি তাজা গুলি উদ্ধার করা হয়।

শনিবার (২২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ফয়সাল আহমেদ (৩৪), অন্তর হোসেন (২১) ও আব্দুল হাই (৩২)।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার পর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালানো হয়। এ সময় সেখানে মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়।

তিনি জানান, আটক ফয়সাল আহমেদের কাছ থেকে ওয়ান শুটার গান ও দুইটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। একই অভিযানে অন্তর হোসেন ও আব্দুল হাইকেও মাদক সেবনের অভিযোগে আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, অস্ত্রসহ আটক ফয়সালের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়। তিনি ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় ভাড়া বাসায় থাকেন। আটক অন্তর হোসেন ঝিনাইদহ শহরের কালীকাপুরপাড়া এবং আব্দুল হাই শহরের মর্ডান মোড়সংলগ্ন মহিলা কলেজপাড়ার বাসিন্দা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।