সিরিজ ড্র করে শান্ত বললেন, ‘আবার ২৩ বছর অপেক্ষা করতে চাই না’

অস্ট্রেলিয়ার মাটিতে ম্যাকাই টেস্টে দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে দুই ইনিংসেই একশ রানের নিচে (৬৪ ও ৯৫) গুটিয়ে যাওয়ার লজ্জায় পড়ে সফরকারীরা। ম্যাচ শেষে অফিশিয়াল সম্প্রচারে ম্যাকাইতে দলের এই ব্যাটিং ভরাডুবি ও অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

অস্ট্রেলিয়া দলের শক্তির কথা স্বীকার করে শান্ত বলেন, ‘আমরা সবাই জানি তারা কতটা ভালো। তারা তাদের চরিত্র দেখিয়েছে এবং বাংলাদেশ টেস্ট দল হিসেবে আমরা আমাদের সেরাটা দেখাতে পারিনি।’ 

অজি কন্ডিশনের পেস ও বাউন্স যে ব্যাটারদের জন্য বড় পরীক্ষার ছিল, সে কথা অকপটে স্বীকার করেছেন অধিনায়ক। তবে এত বড় হারের পরও এই সফরকে দলের জন্য ‘খুব গর্বের একটি মুহূর্ত’ হিসেবে দেখছেন তিনি।

ভবিষ্যতে অস্ট্রেলিয়ার মাটিতে নিয়মিত টেস্ট খেলার আকুতি জানিয়ে শান্ত আরও যোগ করেন, ‘আমি অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার জন্য আবার ২৩ বছর অপেক্ষা করতে চাই না। যদি আমাদের এখানে নিয়মিত খেলার সুযোগ থাকে, তবে এটি আমাদের খেলাকে আরও উন্নত করতে সাহায্য করবে।’