মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণে ‘সিন্ডিকেট’ গুঞ্জন: কড়া নজর নেপাল সরকারের

মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে ‘নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি’ হিসেবে নেপালের মাত্র ২৫টি বৈদেশিক কর্মসংস্থান এজেন্সির তালিকা প্রকাশের খবর এবং এর মাধ্যমে নির্দিষ্ট কিছু লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির একচেটিয়া প্রভাব বা ‘সিন্ডিকেট’ তৈরির গুঞ্জন নিয়ে কড়া নজর রাখছে নেপাল সরকার।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে বিষয়টি স্পষ্ট করে একটি আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নেপালের যুব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,  নেপালের যুব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, মালয়েশিয়ায় নিযুক্ত নেপালের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মো. ফিরদৌস আজমানের সাথে এক দ্বিপক্ষীয় বৈঠক ও আলোচনা করেন। বৈঠকে শ্রম অভিবাসন সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ বিষয়ে নেপাল সরকারের অবস্থান ও উদ্বেগ স্পষ্টভাবে তুলে ধরা হয়।

দ্বিপক্ষীয় আলোচনায় নেপালের পক্ষ থেকে জানানো হয়, দুই দেশের মধ্যে শ্রম অভিবাসন সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত পারস্পরিক দ্বিপক্ষীয় আলোচনা, পরামর্শ এবং ঐকমত্যের ভিত্তিতেই নেওয়া উচিত। দ্বিপক্ষীয় শ্রম চুক্তির বিধান অনুযায়ী, এ ধরনের যেকোনো সমস্যা যৌথ কারিগরি কমিটির মাধ্যমে আলোচনা করে সমাধান করা যেতে পারে বলে একটি যৌথ সমঝোতায় পৌঁছেছে উভয় পক্ষ।

এছাড়া, পূর্বের সার্বজনীন ব্যবস্থা চালু রাখার অনুরোধ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মালয়েশিয়া সরকারকে চিঠি পাঠিয়েছে নেপাল সরকার।

প্রেস বিজ্ঞপ্তিতে নেপাল সরকার স্পষ্ট জানিয়েছে, নেপালের শ্রম ও কর্মসংস্থান নীতি, বৈদেশিক কর্মসংস্থান আইন ও বিধিমালা, দ্বিপক্ষীয় চুক্তি এবং আন্তর্জাতিক আইনের পরিধিতে থেকে দুই দেশের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে একটি উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। নেপালি কর্মীদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক পদক্ষেপ বা উদ্যোগ অব্যাহত রাখা হবে।