পরিচালক-অভিনেত্রীর বাগদান, টলিপাড়ায় শোরগোল

ফের বিয়ের সানাই টলিপাড়ায়। এবার পরিচালক ও অভিনেত্রীর বাগদানকে কেন্দ্র করে উত্তাল সোশ্যাল মিডিয়া। বিদেশে গিয়ে বাগদান সারলেন পরিচালক সপ্তাশ্ব বসু। প্রেমিকা অভিনেত্রী অপালা চৌধুরীর সঙ্গে মালদ্বীপে আংটি বদল করলেন সপ্তাশ্ব। সোশ্যাল মিডিয়ায় নিজেই একটি সুন্দর ভিডিও ভাগ করেছেন পরিচালক। সেখানে দেখা যাচ্ছে, অপালাকে মালদ্বীপের বিশাল নীল সাগরকে সাক্ষী রেখে আংটি পরিয়ে দিলেন পরিচালক।  হঠাৎ প্রস্তাব পেয়ে আনন্দে আত্মহারা অপালা। দু'জনে তারপর শ্যাম্পেন খেয়ে এই আনন্দের মুহূর্তটি সেলিব্রেট করেন। সপ্তাশ্ব ও অপালার প্রেমের স্বীকৃতি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শুভেচ্ছায় ভরিয়েছেন নেটিজেধ থেকে সহকর্মীরাও। জানা যায়, বেশ অনেকদিন ধরেই প্রেম করছেন তাঁরা দু'জনে। 

শুটিং ফ্লোরেই আলাপ দু'জনের। সেখান থেকেই বন্ধুত্ব তারপর প্রেম। যদিও নিজেদের সম্পর্ক কখনও গোপন করে রাখেননি সপ্তাশ্ব ও অপালা। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে ছবির প্রচারে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। টলিপাড়ার অন্দরে মাঝেমধ্যেই কৌতূহল তৈরি হত, কবে বিয়ের পিঁড়িতে বসবেন তারা? অভিনেত্রী অপালার সঙ্গে এবার খুব তাড়াতাড়িই সাতপাক ঘুরবেন সপ্তাশ্ব, জানা যাচ্ছে তেমনটাই। শোনা যাচ্ছে, চলতি বছরের শেষেই কিংবা আগামী বছর অর্থাৎ ২০২৭-এর শুরুতেই বিয়ে করতে চলেছেন সপ্তাশ্ব ও অপালা। যদিও নিজেদের বাগদানের ভিডিও শেয়ার করলেও এখনই বিয়ে নিয়ে মুখ খোলেননি দু'জনের কেউই। 

জানা গেছে, আগে থেকেই পরিকল্পনা করেছিলেন এই সময় বাগদান করার। তাই হাতে কিছুটা সময় মিলতেই দু'জনে পাড়ি দিয়েছিলেন বিদেশে। বিদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে সাক্ষী রেখে নিজেদের নতুন জীবন শুরু করলেন সপ্তাশ্ব ও অপালা।