গাজীপুরের শ্রীপুরে রাতের বেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জের সময় শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিরার (২৩ আগস্ট) ভোরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দারগারচালা চৌরাস্তা এলাকায় একটি ঝুটের গুদামে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, এ গোডাউনটি স্থানীয় হাবিবুর রহমান, শুরুজ আলী, আমান উল্লাহ ও জাবেদ আলী যৌথভাবে ব্যবহার করেন। আজ ভোরে গোডাউনের ভেতরে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জে থাকা অবস্থায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গুদামের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে গুদামে রাখা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিসে খবর দেন।
গুদাম মালিক হাবিবুর রহমান জানান, অগ্নিকাণ্ডের সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। তিনি দাবি করে এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিস অফিসার মো. নুরুল করিম জানান, ভোরে অগ্নিকাণ্ডের খবর পেলে দুটি ইউনিট ঘটনাস্থল গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা গোডাউনের ভেতরে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। আগুন নিয়ন্ত্রণের পরও দীর্ঘসময় ধোঁয়া উড়ছিল। তদন্ত করে রিপোর্ট দেওয়া হবে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, একটি ঝুট গুদামে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চার জন মিলে গুদাম ঘরটি চালাতেন। তাদের বিভিন্ন ঝুট মালামাল সে গুদামে রেখে ব্যবসা করতেন তারা।