অস্ত্র আইনের মামলা

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর

অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত। 

আজ রবিবার (২৩ আগস্ট) ঢাকার চতুর্থ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মঈন উদ্দিন চৌধুরী আসামিপক্ষের আইনজীবীদের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে তা মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

২০২৫ সালের ২৪ মে আনিসুল হকের বিরুদ্ধে বনানী থানায় এ মামলা করেন এসআই (উপ-পরিদর্শক) জানে আলম দুলাল। তদন্ত শেষে আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে বনানী থানা পুলিশ।

উল্লেখ্য, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আনিসুল হকের ব্যক্তিগত নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগ্নেয়াস্ত্রটি দেওয়া হয়। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু আনিসুল হক ২০২৫ সালের ৫ মে পর্যন্ত তার অস্ত্রটি থানায় জমা দেননি বা থানাকে অবহিতও করেননি। তার ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং অস্ত্র জমা সম্পর্কে কোনো তথ্য মেলেনি। তিনি গুলি কিনেছেন, এমন তথ্যও পাওয়া যায়নি। ফলে তিনি ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় অপরাধ করেছেন বলে মামলায় অভিযোগে বলা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিভিন্ন হত্যা, হত্যাচেষ্টা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।