অস্ট্রেলিয়ার পর এবার দক্ষিণ আফ্রিকায় জয়ের লক্ষ্য শান্তর

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের রেশ ফুরোনোর আগেই ম্যাকাইয়ে ইনিংস ও ৫১ রানের বড় ব্যবধানে হেরে মাটিতে নামতে হয়েছে বাংলাদেশকে। ডারউইনের অবিস্মরণীয় সাফল্যের পর দ্বিতীয় টেস্টের এই হার দলের জন্য ছিল এক কঠিন শিক্ষা।

তবে এই ধাক্কাকে পেছনে ফেলে বাংলাদেশের চোখ এখন আরও বড় অর্জনে। সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাফ জানিয়ে দিয়েছেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো এবার প্রোটিয়াদের ঘরের মাঠেও ইতিহাস গড়তে চায় তার দল।

অস্ট্রেলিয়া সফর শেষে সংবাদমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শান্ত জানান, ডারউইনের জয়টি তাদের জন্য কতটা গর্বের ছিল। তিনি বলেন, ‘ডারউইনে আমরা যা করেছি কেউ তা ভুলবে না, তবে এটাও সত্য যে আমরা এই টেস্টে ভালো ক্রিকেট খেলিনি।’

ম্যাকাইয়ে অজিদের দুর্দান্ত কামব্যাক দেখে তারা বুঝতে পেরেছেন ঠিক কতটা শক্তিশালী একটি দলকে হারিয়েছিলেন। এছাড়া নিজের আবেগ ও উপলব্ধির কথা জানাতে গিয়ে শান্ত যোগ করেন, ‘ব্যক্তিগতভাবে ডারউইনে জেতার পর আমার খুব বেশি রোমাঞ্চ কাজ করেনি। ম্যাকাইয়ে গত দুই দিন ডাগআউট বা স্লিপ কর্ডন থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরই উপলব্ধি হয়েছে আমরা আসলে কী অর্জন করেছি। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পর এবার আমি আশা করি আমরা দক্ষিণ আফ্রিকাতেও একই কাজ করতে পারব, যা আমাদের টেস্ট দলকে আরও এগিয়ে নেবে।’ 

তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে জয় পাওয়া যে সহজ হবে না, পরিসংখ্যান তা স্পষ্ট করে দেয়। এখন পর্যন্ত প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট ফরম্যাটে ১৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ; যার মধ্যে ১৪টিতেই পরাজয় মেনে নিতে হয়েছে এবং বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এখনও কোনো জয়ের স্বাদ পায়নি বাংলাদেশে। টেস্টে ক্রিকেটে এখন পর্যন্ত আরও একটি দলের পক্ষে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ, সেটা ভারত।

আগামী নভেম্বর মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। অতীতে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের রেকর্ড না থাকলেও, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করে এবার সেই খরা কাটাতে চায় শান্তর দল।

ম্যাকাইয়ের কঠিন উইকেটে দলের ব্যাটিং ব্যর্থতা ও অতিরিক্ত আবেগজনিত হ্যাংওভারের কথাও অকপটে স্বীকার করেছেন অধিনায়ক। বিশেষ করে নিজের আউট নিয়ে হতাশা প্রকাশ করে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘সেট হওয়ার পর আমার আউট হওয়াটা মোটেও গ্রহণযোগ্য নয়, সত্যি বলতে আমার আরও দীর্ঘ সময় উইকেটে থাকা উচিত ছিল।’ তবে টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হওয়া লিটন দাসের পাশে দাঁড়িয়ে দলপতি আরও যোগ করেন, ‘লিটন সম্প্রতি কিছু দারুণ ইনিংস খেলেছে, তাই আমি এই তিন শূন্য নিয়ে খুব বেশি ভাবছি না। আমি এখনও মনে করি ৬ নম্বরে তার ব্যাটিং দলের জন্য কার্যকরী। আমরা তার মান জানি, আশা করি সে আগামী সিরিজে শক্তিশালী হয়ে ফিরবে।’