চাকসু জিএস

মেয়াদ শেষের ৩ মাসের মধ্যে চাকসু নির্বাচন দিতে হবে

বর্তমান ছাত্র সংসদের মেয়াদ শেষের তিন মাসের মধ্যেই পরবর্তী  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন চাকসুর জেনারেল সেক্রেটারি (জিএস) সাইদ বিন হাবীব।

তিনি বলেন, রবিবার (২৩ আগস্ট) চাকসু নির্বাচনের মেয়াদ ১০ মাস পূর্ণ হয়েছে। বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকার যেন দ্রুত সময়ের মধ্যে চাকসু নির্বাচনের আয়োজন করে।

রবিবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চাকসুর উদ্যোগে আয়োজিত ক্যাম্পাস টু ক্যাডার প্রোগ্রামে এমন মন্তব্য করেন চাকসু জিএস।

চাকসু নির্বাচন যদি কার্যকর থাকে, ক্যাম্পাসে কোনো রাজনৈতিক দলের আধিপত্য থাকবে না জানিয়ে সাইদ বিন হাবীব বলেন, সময় মতো নির্বাচন হলে তখন চাকসু নেতা ও প্রতিনিধিরা শিক্ষার্থীদের বক্তব্য প্রশাসনের সামনে তুলে ধরবে। আমরা ইতোমধ্যেই শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন এবং স্কিল ডেভেলপমেন্টের যে জায়গাগুলোতে আমরা কাজ করেছি।

তিনি বলেন, ইতিমধ্যেই আপনারা জানেন যে আবাসন ও যাতায়াত এই দুইটা ক্যাম্পাসের সবচেয়ে বড় সমস্যা। আমরা এই জায়গাগুলোর ছোট্ট ছোট্ট জায়গাগুলোতে আমরা কাজ করতে পেরেছি। যেমন একটা ট্রেনের পুরো বগি পরিবর্তন হয়েছে এবং আমরা শাটল ট্রেন নিয়ে আরেকটা ইতোমধ্যেই সামনে আরেকটা প্রস্তাবনা আমরা সামনে দিয়েছি।

তিনি বলেন, আমরা সোহরাওয়ার্দীর এক্সটেনশন, ফরহাদ হলের যে শিক্ষকদের জন্য যেই অতিরিক্ত ভবন যেটা নির্মাণ করেছিল, এটা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া, সূর্য সেন হলের তিনটা বিল্ডিং, পুরাতন শামসুন নাহার ভবন-এই জায়গাগুলো আমরা পরিবর্তনের চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ্‌ আমরা সাকসেস হয়েছি।

চাকসু জিএস বলেন, ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রায় ৬৯০ কোটি টাকার একটা বাজেট, এটা একদম প্রক্রিয়াধীন। খুব স্বল্প সময়ের মধ্যেই যে টিএসসি নির্মাণের ঘোষণা আপনারা পেয়েছেন, এটার সঙ্গেই আরেকটা হল নির্মাণের ঘোষণা আসবে ইনশাআল্লাহ।