ব্রাজিলের বাংলাদেশে ম্যাচ খেলার সম্ভাবনা; ঢাকা স্টেডিয়াম পরিদর্শন প্রতিনিধি দলের

বাংলাদেশে ব্রাজিল জাতীয় ফুটবল দলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। ঢাকার একটি স্টেডিয়াম পরিদর্শন করে গেছে ব্রাজিল জাতীয় দলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি, মিডিয়া বক্সসহ পুরো স্টেডিয়ামের অবকাঠামো ঘুরে দেখেছে তারা। প্রাথমিকভাবে স্টেডিয়ামের পরিবেশে সন্তুষ্টিও প্রকাশ করেছে প্রতিনিধি দলটি।

রবিবার  বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ইকবাল হোসেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ফুটবলের একটা নতুন দিন এসেছে। ব্রাজিল থেকে একটি প্রতিনিধি দল এসে আমাদের স্টেডিয়াম, মাঠসহ সবকিছু দেখে গেছে। তারা যেকোনো দেশের বিপক্ষে কিংবা বাংলাদেশের বিপক্ষেও ম্যাচ খেলতে আমাদের ভেন্যু ব্যবহার করতে চায়।’

তবে ব্রাজিলের পক্ষ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। প্রতিনিধি দলটি মূলত স্টেডিয়ামের সুযোগ-সুবিধা ও পরিবেশ যাচাই করতেই বাংলাদেশে এসেছে। মাঠের বাকি কাজ প্রায় দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে বলে তাদের জানানো হয়েছে। স্টেডিয়াম পরিদর্শনের সময় ব্রাজিলের প্রতিনিধিরা মাঠের ড্রেনেজ ব্যবস্থা, পানি সরবরাহ এবং ঘাসের মান খতিয়ে দেখেছেন। মাঠের কাজের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছেন তারা। এরপর ড্রেসিংরুম, গ্যালারি, মিডিয়া বক্সসহ অন্যান্য সুযোগ-সুবিধাও ঘুরে দেখেন। ইকবাল জানান, ব্রাজিলের প্রতিনিধি দলটি আজই ভারত থেকে বাংলাদেশে এসেছে এবং পরিদর্শন শেষে রাতেই ফিরে যাবে। তাদের সফরের মূল উদ্দেশ্য ছিল সম্ভাব্য ভেন্যু হিসেবে বাংলাদেশের স্টেডিয়ামটি সরেজমিনে দেখা।

আগামী ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিল ও ভারতের একটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেই ম্যাচকে সামনে রেখে ব্রাজিল দল বাংলাদেশে এসে অনুশীলন করবে কি না, এমন প্রশ্নের জবাবে বাফুফের এই কর্মকর্তা জানান, এমন কোনো বিষয় এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ‘এরকম কোনো বিষয় না। তারা মাঠ ও স্টেডিয়ামের পরিবেশ দেখে গেছে। তারা বলেছে, প্রয়োজন হলে আমাদের স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে নিতে পারে। আবার বাংলাদেশের সঙ্গেও কোনো ম্যাচ খেলতে পারে। তারা তাদের প্রতিক্রিয়া পরে জানাবে।’

ব্রাজিলের প্রতিনিধি দলটি জাতীয় দলের মূল দলের সঙ্গে সংশ্লিষ্ট বলেও জানান ইকবাল। তার ভাষ্য অনুযায়ী, জাতীয় দলের মাঠ পরিদর্শন ও প্রশাসনিক বিষয় দেখভালের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তারাই প্রতিনিধি দলে ছিলেন। বাংলাদেশে ব্রাজিলের মূল জাতীয় দল আসার সম্ভাবনা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ইকবাল সরাসরি বলেন, ‘মূল টিম, ব্রাজিলের মূল দল।’

তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত ঘোষণা দিতে চাননি তিনি। বাফুফে সভাপতি ও ব্রাজিলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে আলোচনা হওয়ার পর বিষয়টি আরও পরিষ্কার হবে বলে জানান এই কর্মকর্তা। ইকবাল বলেন, ‘উনাদের সঙ্গে হয়তো বাফুফে সভাপতির সঙ্গে বসবেন। এরপর আমি আপনাদের আরও ক্লিয়ার করতে পারব।’

বাংলাদেশে ব্রাজিলের মতো বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দলের ম্যাচ আয়োজনের সম্ভাবনাকে দেশের ফুটবলের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। ব্রাজিলের প্রতিনিধি দলের প্রাথমিক সন্তুষ্টি সেই সম্ভাবনাকে আরও জোরালো করেছে। এখন মাঠের সংস্কারকাজ শেষ হওয়ার পর ব্রাজিলের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে।