নিজ প্রতিষ্ঠান থেকে স্বর্ণ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরীর গাছা ভূষিরমিল এলাকায় একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে মো. আবুল কালাম আজাদ নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আজাদ ‘সাদিয়া জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, প্রতিদিনের মত শনিবার রাতে নিজের দোকানেই ঘুমিয়ে পড়েন আবুল কালাম আজাদ। প্রতিদিন সকালে দোকান খুলে ব্যবসা শুরু করলেও রবিবার সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়, তবুও দোকানের শাটার বন্ধ ছিল। বিষয়টি নিয়ে আশপাশের ব্যবসায়ীদের সন্দেহ হলে পাশের এক দোকানদার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে গাছা থানা পুলিশ রোববার ঘটনাস্থলে গিয়ে দোকানের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করে।

ঘটনার খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে থেকে হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।