দীর্ঘ অপেক্ষার পর ১৪তম দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) সূচি চূড়ান্ত হয়েছে। আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা।
ইসলামাবাদে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের (এসএওসি) নির্বাহী কমিটির সভায় গেমসের তারিখ ও আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) সভাপতি আরিফ সাঈদ। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপের প্রতিনিধিরা সরাসরি সভায় উপস্থিত ছিলেন। ভারতের প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
এবারের গেমসে পুরুষদের ২৮টি এবং নারীদের ২৫টি ডিসিপ্লিনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে ৩৪৬টি সোনার পদকের জন্য লড়াই করবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্রীড়াবিদেরা। আয়োজকদের প্রত্যাশা, প্রতিযোগী দেশগুলোর ৪ হাজার ২০০-এর বেশি ক্রীড়াবিদ ও কর্মকর্তা এবারের আসরে অংশ নেবেন।
ইসলামাবাদ হবে গেমসের মূল কেন্দ্র। পাকিস্তানের রাজধানীতেই অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠান হবে লাহোরে। আর পেশোয়ারে আয়োজন করা হবে বিভিন্ন ডিসিপ্লিনের প্রতিযোগিতা।
সভায় পাকিস্তানের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। ভেন্যু, আবাসন, যাতায়াত, লজিস্টিকস এবং তিন শহরে প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা সম্পর্কে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের অবহিত করা হয়। তারিখ ও প্রশাসনিক সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় এখন প্রস্তুতির কাজ আরও দ্রুত এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে আয়োজকরা।
দক্ষিণ এশীয় গেমসের সর্বশেষ আসর বসেছিল ২০১৯ সালে নেপালে। এরপর নানা কারণে পরবর্তী আসর আয়োজন বারবার পিছিয়েছে। করোনা মহামারিসহ বিভিন্ন জটিলতায় ১৪তম আসরও নির্ধারিত সময়ে মাঠে গড়াতে পারেনি।
অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী বছর পাকিস্তানেই বসছে দক্ষিণ এশিয়ার ক্রীড়াবিদদের সবচেয়ে বড় আঞ্চলিক মিলনমেলা।