গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ণসহ বেশ কয়েকটি দাবিতে ঘোষণা করা ঢাকার মহাসমাবেশের তারিখ পরিবর্তন করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
রবিবার (২৩ আগস্ট) ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে এ কথা জানিয়েছেন জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।
তিনি জানান, পূর্বঘোষিত ১০ অক্টোবরের খুলনামুখী লংমার্চ হবে ৩১ অক্টোবর। আর ২৪ অক্টোবরের সিলেটমুখী লংমার্চ হবে ২১ নভেম্বর। এছাড়া ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হলেও সেটি ওই তারিখে হচ্ছে না।বিভাগভিত্তিক লংমার্চের সংখ্যা আরও বাড়তে পারে। এরপর ঢাকায় মহাসমাবেশের তারিখ ঠিক করা হবে।
তিনি আরও জানান, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে জমায়েত করবে ১১ দল। সেখান থেকে লংমার্চ করে যাবে চট্টগ্রামের উদ্দেশে। এরপর ১৯ সেপ্টেম্বর রংপুরমুখী লংমার্চ করবে বিরোধী দল।